ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা আরও বাড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর পাশাপাশি বন্দর আব্বাস এলাকায় একটি সামরিক স্থাপনায় হামলার কথাও নিশ্চিত করা হয়েছে। তথ্য বিবিসি
হামলার পরপরই বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দেয়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে দাড়ায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা সরাসরি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। কারণ, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই নৌপথে যে কোনো অস্থিরতা বৈশ্বিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা চললেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। কয়েক মাস ধরে চলা উত্তেজনার কারণে হরমুজ প্রণালি কার্যত অস্থিতিশীল হয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি করছে।
বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
