logo

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৪ স্বাস্থ্যকর্মী নিহত: ডব্লিউএইচও

লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ১৪ স্বাস্থ্যকর্মী নিহত: ডব্লিউএইচও

দক্ষিণ লেবাননে ২৪ ঘণ্টায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ১৪ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আলজাজিরার খবর জানায়, ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়েসুস শনিবার (১৪ মার্চ) বলেছেন, শুক্রবার গভীর রাতে বুর্জ কালাওইয়েহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালানো এক হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হয়েছেন। এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে। ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘এসব হামলা লেবাননের স্বাস্থ্যব্যবস্থার ওপর চলমান আক্রমণের অংশ। ২ মার্চের পর থেকে দেশটিতে স্বাস্থ্যসেবা স্থাপনায় অন্তত ২৭টি হামলার ঘটনা যাচাই করেছে ডব্লিউএইচও।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে এবং এগুলো কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।’