হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

পরিস্থিতি স্বাভাবিক হলে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সম্ভাব্য আন্তর্জাতিক অভিযানে অংশ নিতে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাজ্য। ইরান যুদ্ধ শুরুর কিছুদিন পর গত মার্চে সাইপ্রাসের নিরাপত্তায় সহায়তার জন্য এই বিমান প্রতিরক্ষা যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল।
শনিবার (৯ মে) যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
রয়টার্স জানিয়েছে, এই যুদ্ধজাহাজকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে এমন সময়ে যখন ফ্রান্সও দক্ষিণ লোহিত সাগরে তাদের বিমানবাহী রণতরী বহর মোতায়েন করেছে। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে নিরাপত্তা ও আস্থা ফেরাতে দুই দেশ যৌথভাবে একটি প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে কাজ করছে।
যুক্তরাজ্যের ওই মুখপাত্র বলেছেন, ‘এইচএমএস ড্রাগনকে আগে থেকে প্রস্তুত রাখা একটি বিচক্ষণ পরিকল্পনার অংশ, যা নিশ্চিত করবে যে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক জোটের অংশ হিসেবে পরিস্থিতি অনুকূলে এলে যুক্তরাজ্য প্রণালিটি সুরক্ষিত করতে প্রস্তুত থাকবে।’
যুক্তরাষ্ট্র ও ইরান তাদের ১০ সপ্তাহের যুদ্ধ থেকে একটি সম্ভাব্য সমাধানের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও ব্রিটেন প্রণালিটি দিয়ে নিরাপদ যাতায়াতের ভিত্তি স্থাপনের জন্য একটি প্রস্তাব নিয়ে কাজ করছে।
এই পরিকল্পনার জন্য ইরানের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হবে এবং এক ডজন দেশ এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
রাজকীয় নৌবাহিনীর সক্ষমতা আগের তুলনায় অনেক কমে যাওয়ায় কোনো প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটেনের অংশগ্রহণও সীমিত হতে পারে। নৌবাহিনীর কিছু জাহাজ নতুন জাহাজ আসার আগেই অবসরে পাঠাতে হয়েছে। ফলে চাপ আরও বেড়েছে।