ইরানে আবারও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

যুক্তরাষ্ট্রে ও ইসরায়েল আবারও ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
বুধবার (৪ মার্চ) তেহরানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিন-রাত যৌথ হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশজুড়ে চালানো হামলার সময় কয়েক ডজন বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, ইরানের বেশ কয়েকটি শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং বাজারগুলোতে হামলা চালানো হয়েছে।
তালিকায় থাকা স্থানগুলোর মধ্যে রয়েছে তেহরানের নিলুফার স্কয়ারের আবাসিক এলাকা, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরানের গ্র্যান্ড বাজার, রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গোলস্তান প্যালেস কমপ্লেক্স এবং মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়।
বাঘাই আরও জানান, উত্তর-পশ্চিম ইরানের মারাঘে-র আবাসিক এলাকা এবং ফার্স প্রদেশের লামের্ড-এর একটি স্পোর্টস হলে হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, এই উভয় ঘটনাতেই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরানি এই কর্মকর্তা মোট ৩৩টি স্থান ও স্থাপনার তালিকা প্রকাশ করেছেন, যেগুলোকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।