এস্তোনিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, তাল্লিনের উসকানিমূলক পদক্ষেপ দুই দেশকে প্রকাশ্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনা এস্তোনিয়ার ঘোষণা এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে রাশিয়া জানায়, এস্তোনিয়ার এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। দেশটির বিরুদ্ধে রুশবিদ্বেষী নীতি অনুসরণের অভিযোগও তুলেছে ক্রেমলিন।
মস্কোর অভিযোগ, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের পরোক্ষ সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। তবে তাল্লিন এ অভিযোগ নাকচ করেছে।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ব্যবহার বন্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ হামলার পর ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় মস্কো। একই সঙ্গে হামলার জবাবে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য, এস্তোনিয়া ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ফলে দেশটিকে ঘিরে রাশিয়ার এমন হুঁশিয়ারি ইউরোপের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।



