বিশ্বে প্রথমবার মানুষের শরীরে পশুর শামোন্ডা ভাইরাস শনাক্ত

বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে গবাদিপশুর মধ্যে সংক্রমণ ঘটানো শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটিতে আক্রান্ত এক ব্যক্তি ফ্রান্সের লিয়োন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অক্টোবরের শুরুর দিকে তার মৃত্যু হয়।
এএনআই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানান ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
শামোন্ডা ভাইরাস সাধারণত গরু, ভেড়া, ছাগল ও ঘোড়ার মতো গবাদিপশু ও অন্যান্য প্রাণীকে আক্রান্ত করে। ধারণা করা হয়, ছোট মাছির মতো দেখতে একধরনের ক্ষুদ্র কীটের কামড়ের মাধ্যমে প্রাণীদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। তবে প্রাণী থেকে মানুষের শরীরে ভাইরাসটি কীভাবে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, মৃত ব্যক্তি ফ্রান্সের এমন একটি এলাকায় অবস্থান করছিলেন, যেখানে প্রাণীদের মধ্যে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ ছিল। ওই এলাকায় কিউলিকয়ডিস প্রজাতির ক্ষুদ্র কীটের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে।
ভাইরাসটির সংক্রমণপ্রক্রিয়া, মানুষের শরীরে এর প্রভাব এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, ওই ব্যক্তি কীভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন, তা অনুসন্ধানে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সংস্থাটি। একই সঙ্গে সংক্রমণের উৎস, ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাব্য পথ এবং জনস্বাস্থ্যের জন্য এটি কোনো ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা যাচাই করা হচ্ছে।
