দ্বিতীয় দফায় জ্বালানির দাম কমানোর পরিকল্পনা থাই সরকারের

থাইল্যান্ডে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এক মাসের ব্যবধানে আবারও জ্বালানির দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। থাই জ্বালানি মন্ত্রী আকানাত প্রমফ্যান চলতি সপ্তাহের মধ্যে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২ বাথের বেশি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ টাকার বেশি কমানোর কথা জানান। এর আগে গত মাসেও ২ বাথের বেশি দাম কমায় থাই সরকার।
সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
মন্ত্রী বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ জ্বালানির মূল্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানির নতুন মূল্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) জ্বালানি নীতি প্রশাসন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
ইরান যুদ্ধের ফলে জ্বালানি সংকটের কারণে থাইল্যান্ডে কৃষি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর ফলে দেশটির নাগরিকদের জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বেড়েছে।
এদিকে তীব্র জ্বালানি সংকটের কারণে একের পর এক বিদেশি বিনিয়োগকারী থাইল্যান্ড ছেড়ে যাচ্ছেন। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এমন সংকটের মুখোমুখি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে নিজেদের জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দ্বারস্থ হয় ব্যাংকক।