ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে দুইজনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষের আঘাতে দুইজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আবুধাবির সরকারি গণমাধ্যম এক বিবৃতিতে জানিয়েছে, ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশগুলো সুইহান স্ট্রিটের জনবহুল এলাকায় আছড়ে পড়লে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশকিছু গাড়ি ধ্বংসাবশেষের আঘাতে দুমড়ে-মুচড়ে গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে প্রদান করা হবে। জনসাধারণকে কেবল অফিসিয়াল বা সরকারি উৎস থেকে তথ্য সংগ্রহ করার এবং গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলের সেনাবাহিনীর সদর দপ্তরে বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ। একইসঙ্গে তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে এ হামলা চালানোর তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলও জানিয়েছে, বুধবার সেখানে তাদের আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।

