সীমান্তে মুখোমুখি বিজিবি-বিএসএফ, নো ম্যানস ল্যান্ডে আটকা ৯

আসামের মানকাচর সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের মাঝামাঝি ‘নো ম্যানস ল্যান্ড’ বা কাঁটাতারের মাঝখানের খালি জায়গায় রোববার (১৪ জুন) থেকে নয়জন আটকে আছেন।
আটকা পড়াদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে।
সূত্রের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই জটিল পরিস্থিতি সমাধানের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতোমধ্যে একটি জরুরি বৈঠক বা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
তবে সেই বৈঠকে কোনো সমাধান না আসায় সোমবার (১৫ জুন) আবারও নতুন করে দ্বিপাক্ষিক বৈঠক বসার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যেই আটকে পড়া ব্যক্তিদের কান্নাকাটি ও আকুতির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে তাদের একজনকে স্বীকার করতে শোনা যায় যে, তারা কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন এবং তাদের কাছে বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণপত্রও রয়েছে। তারা যে কোনো মূল্যে এখন বাংলাদেশে ফিরতে চান।
এদিকে বাংলাদেশ থেকে আসামে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। গত এক সপ্তাহে আসাম পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে মোট ২১ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক এক্স বার্তার মাধ্যমে পুলিশ ও বিএসএফের এই যৌথ প্রচেষ্টার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সীমান্তসংলগ্ন প্রতিবেশী রাজ্যগুলোকে অনুপ্রবেশ ঠেকাতে ও আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতে কড়া আহ্বান জানিয়েছেন।
.png)


