বিজেপিকে ভোট দিলে আর মাছ-মাংস খেতে পারবেন না: মমতা

কথায় আছে মাছে-ভাতে বাঙালি। বাঙালির শেষ পাতে চাটনি নাহলেও চলে। কিন্তু পাতে মাছ-মাংস থাকবে না, তা স্বপ্নেও কেউ ভাবতে পারে না। বিধানসভা ভোটের আবহে সেই চেনা ‘আমিষতত্ত্ব’ নিয়েই এবার সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি (ভারতীয় জনতা পার্টি) জয়ী হলে বাঙালির মাছ-মাংস খাওয়ার ওপর সরাসরি কোপ পড়বে।
সোমবার (৩০ মার্চ) নির্বাচনি সভা থেকে এই মন্তব্য করেছেন তিনি।
এদিন জনসভা থেকে বিজেপিকে ‘লুটেরার দল’ বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘করছে লুট, বলছে ঝুট। দেশটাকে বিজেপি যেভাবে চালাচ্ছে, দুই মাসের মধ্যে ওদের নয়াদিল্লি ছেড়ে পালাতে হবে।’
কেন্দ্রীয় বঞ্চনা ও এসআইআর (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) ইস্যুতে সুর চড়ানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, ‘বাংলার খাওয়া-পরা বন্ধ করার দল বিজেপি। কেউ যদি ওদের টাকা নিয়ে ভোট দেন, তবে ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না!’
মমতার এই মন্তব্যের নেপথ্যে রয়েছে এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) শাসিত বিহার সরকারের একটি সাম্প্রতিক নির্দেশিকা। সেখানে জনস্বাস্থ্য ও ‘শিশুদের উগ্র মানসিকতা’ কমানোর দোহাই দিয়ে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে আমিষ পসরা সাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোড়াফুল প্রতীক শিবিরের দাবি, এই ‘বিহার মডেল’ আসলে বাঙালির চিরকালীন খাদ্যাভ্যাসের ওপর বড়সড় আঘাত।