‘ইসরায়েলকে ইরান-মার্কিন যুদ্ধবিরতি নস্যাৎ করতে দেওয়া যাবে না’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলকে ইরান-মার্কিন যুদ্ধবিরতি নস্যাৎ করতে দেওয়া যাবে না। এ যুদ্ধবিরতি প্রক্রিয়া নষ্ট করতে জায়নবাদীরা তৎপর রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে এরদোয়ান বলেন, নেতানিয়াহু সরকার ইরান-মার্কিন যুদ্ধবিরতি প্রক্রিয়ায় সন্তুষ্ট নয়—এটি সবার জানা। কিন্তু এরপরও ইসরায়েলকে এ যুদ্ধবিরতি নস্যাৎ করতে দেওয়া যাবে না।
সম্প্রতি এক বক্তব্যে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং পাকিস্তানে চলমান আলোচনা অব্যাহত রাখতে তুরস্ক প্রয়োজনীয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নানা জটিলতা থাকা সত্ত্বেও আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, যুদ্ধবিরতির ফলে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এর ফলে আমাদের এ (মধ্যপ্রাচ্য) অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
এরদোয়ান বলেন, এই অঞ্চলে জায়নবাদী (ইসরায়েলি) শাসন/সরকার থাকা সত্ত্বেও শান্তি অর্জন করতে হবে। যুদ্ধ বন্ধে ইসরায়েলি সরকারের বাধাকে তোয়াক্কা করা যাবে না।
তিনি আরও বলেন, লেবাননে ইসরায়েলি হামলা শান্তি প্রক্রিয়ার আশাকে ক্ষতিগ্রস্ত করছে। পশ্চিম তীরে দখলকৃত ভূমিতে বসবাসরত ফিলিস্তিনি ভাইদের অধিকার রক্ষা এবং লেবাননে ঘুমের মধ্যে নিহত শিশুদের বিচারের পক্ষে তুরস্কের অবস্থান অনড় থাকবে। মূলত, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের উসকানিমূলক পদক্ষেপগুলো রুখে দেওয়া এখন সময়ের দাবি।