logo

হরমুজ প্রণালিতে থাই জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে থাই জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে থাই জাহাজে হামলার ঘটনায় দেশটিতে দায়িত্বরত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

থাই নিউজ এজেন্সির বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল হরমুজ প্রণালিতে থাই পতাকাবাহী জাহাজ মায়ুরি নারিতে হামলার ঘটনার বিষয়ে জানতে থাইল্যান্ডে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজটির তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজের ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন।

এর আগে বুধবার রয়টার্সের খবরে জানানো হয়, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জাহাজ তিনটিতে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলা হয়েছে। এ হামলায় একটি জাহাজে আগুন লেগেছে। তখন ওই জাহাজের বেশিরভাগ নাবিককে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়ুরি নারি ওমান থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) পরে জানিয়েছে, হরমুজ প্রণালিতে এক জাহাজে হামলা হয়েছে। আগুন নিভে গেছে এবং পরিবেশগত কোনো প্রভাব পড়েনি।

দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের নাবিকরা নিরাপদে আছেন এবং নৌযানটি নিরাপদ স্থানের দিকে যাত্রা করছে।

এ ছাড়া দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় তৃতীয় জাহাজটি (একটি বাল্ক ক্যারিয়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নৌযানটির নাবিকরা নিরাপদে আছেন।