
হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে এ অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে অস্ত্র বা গোলাবারুদ নয়, বরং গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা চাইছে রিয়াদ—এমন দাবি করেছেন সৌদি সরকারের সাবেক উপদেষ্টা নওয়াফ ওবায়দ।
ওবায়দ বলেন, সৌদি আরব হুতিদের বিরুদ্ধে একটি ‘ধাপে ধাপে, দীর্ঘস্থায়ী ও বড় ধরনের বিমান অভিযান’ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এ অভিযানে যুক্তরাষ্ট্রের সহায়তার অনুরোধ মূলত গোয়েন্দা তথ্য এবং সামরিক লক্ষ্য শনাক্তকরণ ও নিশ্চিত করার ক্ষেত্রে।
তার ভাষায়, “আমেরিকানদের কাছে চাওয়াটা গোলাবারুদ নিয়ে নয়। তাদের আরও সামরিক অস্ত্রের প্রয়োজন নেই।”
বরং সম্ভাব্য অভিযানের জন্য লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়ায় সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। এর মধ্যে ভূ-স্থানিক বিশ্লেষণ, মানচিত্র তৈরি এবং দীর্ঘমেয়াদি সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে।
ওবায়দের মতে, এ কারণেই সৌদি আরব ওয়াশিংটনের সহযোগিতা চাইলেও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততা খুব বেশি দৃশ্যমান নয়।
তিনি আরও বলেন, সৌদি আরব ও তার অংশীদারদের সামরিক প্রস্তুতি ইতোমধ্যে আরও সমন্বিত অভিযান পরিচালনার দিকে এগোতে শুরু করেছে।
তবে ওবায়দের বক্তব্য অনুযায়ী এসব প্রস্তুতি ও মার্কিন সহায়তার প্রকৃতি সম্পর্কে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


