ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা আর নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের টানা বিমান হামলার ফলে ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ২০ দিনের সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। ‘আমরা জয়ের পথে, আর ইরান কার্যত ধ্বংস হয়ে যাচ্ছে,’—এমন মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু দাবি করেন, ইরানের যেসব কারখানায় ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি হতো, সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং ধ্বংস করা হচ্ছে। তবে তার এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক আলোচনার ভেঙে পড়ার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করেছে।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, এখন পর্যন্ত যুদ্ধ মূলত আকাশপথে পরিচালিত হলেও ভবিষ্যতে স্থল অভিযানও যুক্ত হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারবিরোধী কোনো গণঅভ্যুত্থান হবে কি না, তা নির্ভর করছে ইরানের জনগণের ওপর।
একই সঙ্গে তিনি এ অভিযোগও নাকচ করেন যে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে এনেছে।
‘কেউ কি সত্যিই মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ নির্দেশ দিতে পারে?’—প্রশ্ন তোলেন নেতানিয়াহু।
সূত্র: রয়টার্স