logo

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে উসকানি বন্ধের আহ্বান চীনের

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে উসকানি বন্ধের আহ্বান চীনের
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় ম্যানিলার বিঘ্ন ঘটানোর প্রতিক্রিয়ায় দেশটিকে অবিলম্বে অবৈধ হয়রানি, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (৭ মে) চীনের কোস্টগার্ড (সিসিজি) এই কড়া বার্তা দেয়।

সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে জানান, বুধবার ফিলিপাইন কোস্টগার্ডের একটি ‘আইল্যান্ডার’ বিমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে চীনের বৈজ্ঞানিক গবেষণা জাহাজ ‘সিয়াংইয়াংহং ৩৩’-এর খুব কাছে চলে আসে এবং কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সময় জাহাজটি চীনের হউথেং চিয়াও-সংলগ্ন জলসীমায় একটি বৈধ সামুদ্রিক পরিবেশগত জরিপ পরিচালনা করছিল।

মুখপাত্র আরও জানান, চীনা কোস্টগার্ড আইন ও বিধি অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করেছে এবং চীনা জাহাজের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে ওই বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করেছে।

তিনি আরও বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষায় এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

সূত্র: সিনহুয়া, সিসিটিভি