যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। মঙ্গলবার (১৪) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।
এর আগে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এরপর ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে। এ ছাড়া চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা ‘পুরোপুরি বানোয়াট’।
এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক চিঠিতে ইরানকে অস্ত্র না দেয়ার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ফিরতি চিঠিতে চীনা প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন, চীন তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এ বিষয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার রেকর্ড করা ওই সাক্ষাৎকারে চিঠি আদান-প্রদানের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি শি জিনপিংকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি, তিনি যেন ইরানকে অস্ত্র না দেন। ফিরতি চিঠিতে তিনি আমাকে জানিয়েছেন, তারা ইরানকে অস্ত্র দিচ্ছেন না।’