সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। সমঝোতা স্মারকটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়ে যাওয়ায় এই অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
এর আগে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেনেভায় তার পূর্বনির্ধারিত সফর স্থগিত করছেন।
সফর স্থগিত ও অনুষ্ঠান বাতিলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ মুছে ফেললে এই অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়।
মুছে ফেলা অংশে লেখা ছিল, পাকিস্তান সহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।
বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক কূটনৈতিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে অনুষ্ঠানটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সন্ধ্যা নাগাদ সেই সিদ্ধান্ত ও পরিকল্পনা পরিবর্তন করা হয়।
উল্লেখ্য, মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের অন্যতম একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।



