logo

আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েলি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

সশস্ত্র সংঘাতে শিশুদের ওপর গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে টানা তৃতীয়বারের মতো জাতিসংঘের কালো তালিকাভুক্ত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী। বুধবার (১৭ জুন) জাতিসংঘের অপ্রকাশিত খসড়া প্রতিবেদন সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু। ২০২৫ সালের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি এই প্রতিবেদনে বিশ্বজুড়ে শিশুদের ওপর নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বছরজুড়ে ২৪ হাজার ১৭৪ জন শিশুর ওপর সংঘটিত ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর অপরাধের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। ভুক্তভোগী শিশুদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে ও ৭ হাজার ৯৯০ জন মেয়ে রয়েছে এবং বাকি ৬৯১ জনের লিঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘ এই কার্যক্রম শুরু করার পর থেকে এটিই হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের সর্বোচ্চ সংখ্যা।

জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আনাদুলোকে জানান, জাতিসংঘের ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী ‘শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের প্রধান অপরাধী’ হিসেবে চিহ্নিত হয়েছে। আর এই সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের ওপর সবচেয়ে বেশি অপরাধ সংঘটনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইসরায়েল সরকার এবং এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরের তুলনায় শিশুদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা যথাক্রমে ৩৪ শতাংশ এবং ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ফিলিস্তিনে চালানো হামলায় সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে ইসরায়েল, যার সংখ্যা ১২ হাজার ৪৪৫টি। এই তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (৪ হাজার ১১৪টি), নাইজেরিয়া (২ হাজার ৫৬০টি), মিয়ানমার (২ হাজার ২০৩টি) এবং সোমালিয়া (২ হাজার ১৯৫টি)।

সার্বসাকুল্যে ২০২৫ সালে বিশ্বজুড়ে ৬ হাজার ২৬৬ জন শিশু নিহত ও ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে। এছাড়া ৬ হাজার ৬০৭ জনকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হয়েছে, ৮ হাজার ৩২২ শিশুকে প্রয়োজনীয় মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধের এই বিশাল মাত্রা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রতিবেদনে তিনি বলেন, ‘গাজায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় আমি মর্মাহত এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে সহিংসতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ সেইসঙ্গে তিনি ইসরায়েলি দখলদারদের দ্বারা পরিচালিত হামলার সমালোচনা করেন এবং বছরের পর বছর ধরে চালানো এসব হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার অভাবের নিন্দা জানান।