ইরানের শাসনভার গ্রহণে প্রস্তুতির কথা জানালেন রেজা পাহলভি

ইরানে ‘ইসলামি প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গে’ পরবর্তী দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন রেজা পাহলভি। ১৯৭৯ সালের বিপ্লবের পর ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহের সন্তান তিনি। শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
মার্কিনভিত্তিক তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে তিনি জানান, ইতোমধ্যেই ইরানের ভেতরে ও বাইরে এমন ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়া শুরু করেছেন, যাদের তিনি ‘ট্রানজিশনাল সিস্টেম’ হিসেবে অভিহিত করেছেন।
পাহলভি ইরানের বাইরে থেকে ইরানের বর্তমান সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তবে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর তার ‘খ্যাতি বৃদ্ধি’ পেয়েছে। কিছু বিক্ষোভকারী রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, মার্কিনভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের সিনিয়র উপদেষ্টা সাঈদ ঘাসেমিনেজাদ অন্তর্বর্তীকালীন সংস্থার সদস্য নির্বাচনের প্রক্রিয়া তদারকি করছেন।
পাহলভি বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই সক্ষম ব্যক্তিদের তালিকা করা হয়েছে। তাদের মূল্যায়ন করা হয়েছে ট্রানজিশনাল সিস্টেমের বিভিন্ন অংশের নেতৃত্ব দেওয়ার জন্য। আমার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, ইসলামী প্রজাতন্ত্র পতনের সঙ্গে সঙ্গে দেশের শাসনভার গ্রহণ করতে প্রস্তুত থাকবে। শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা এবং দেশের সমৃদ্ধি দ্রুত প্রতিষ্ঠা করা হবে।’