ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইসরায়েল

ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও তার আশপাশের এলাকা ছাড়াও দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এই সতর্কতা জারি করা হয়।
আল-জাজিরা জানিয়েছে, উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যার একটি খোলা জায়গায় আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, মধ্য ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরে উত্তর ইসরায়েলে আবারও সাইরেন বেজে ওঠে। একই দিনে ইরানের পক্ষ থেকে এটি ছিল দ্বিতীয় দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এ সময় মধ্য ইসরায়েল ও তেলআবিবেও সাইরেন শোনা যায়।
সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থেকে ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে। সাইরেন বাজলে নাগরিকদের দ্রুত নিরাপদ কক্ষ বা বাংকারে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
উত্তর ইসরায়েলে হামলার পর জরুরি চিকিৎসা সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম জানিয়েছে, এখন পর্যন্ত কোনো আহতের তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানায়, ইরান থেকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। আগামী কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন এলাকায় আবারও সাইরেন বাজতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, বর্তমানে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি মোকাবিলা এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তা দূর করতে কাজ করছে।