logo

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল শোধনাগারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল শোধনাগারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এপির খবর জানায়, সোমবার (২৩ মার্চ) মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপণনকারী কোম্পানি ভালেরোর মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে এ বিস্ফোরণের পর এর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘ভালেরোর তেল শোধনাগারে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগার সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রযোজ্য।’

পৃথক বিবৃতিতে ভালেরো কর্তৃপক্ষ বলেছে, ‘শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি। কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ভালেরো জানিয়েছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ কর্মী ছিলেন এবং এখান থেকে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হতো।