logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

‘মৃত্যু তোমার অপেক্ষায়’, জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি

‘মৃত্যু তোমার অপেক্ষায়’, জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক বার্তা পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে। ছবি: আনাদোলু এজেন্সি

জার্মানির ৪৫০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। বার্তায় দাবি করা হয়, স্কুলগুলোর ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে। ই-মেইলের শিরোনামে লেখা ছিল, ‘ডেথ অ্যাওয়েটস ইউ’ (Death Awaits You), যার অর্থ ‘মৃত্যু তোমার অপেক্ষায়’।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের ফ্রাইবুর্গ পুলিশ জানিয়েছে, রাজ্যটির ৪৫০টির বেশি স্কুলে এ ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করছে না কর্তৃপক্ষ। এ কারণে স্কুলগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে হুমকি

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য থুরিঙ্গিয়ার পুলিশ জানিয়েছে, জেনা, এরফুর্ট, গোথা ও নর্ডহাউজেন শহরের বিভিন্ন স্কুলেও একই ধরনের ই-মেইল পৌঁছেছে।

এ ছাড়া লোয়ার স্যাক্সনি ও স্যাক্সনি-আনহাল্ট রাজ্যেও একই ধরনের হুমকির খবর পাওয়া গেছে।

থুরিঙ্গিয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে কয়েক শ স্কুল এ ঘটনার শিকার হয়েছে। তবে পুরো জার্মানিতে ঠিক কতটি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইল পাঠানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

একই ভাষায় পাঠানো হয়েছে হুমকি

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্কুলে পাঠানো ই-মেইলগুলোর ভাষা ও বক্তব্য প্রায় অভিন্ন। প্রতিটি বার্তায় বিস্ফোরক পুঁতে রাখার দাবি করা হয়েছে। ফ্রাইবুর্গ পুলিশ জানিয়েছে, কয়েকটি স্কুল জরুরি হটলাইনে ফোন করে বিষয়টি জানায়।

স্থানীয় শিক্ষা দপ্তরগুলো স্কুল কর্তৃপক্ষকে এ ধরনের কোনো হুমকিমূলক বার্তা পেলে দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছে।

তদন্ত শুরু, শনাক্ত হয়নি প্রেরক

ঘটনার পর থুরিঙ্গিয়া পুলিশ অপরাধমূলক কর্মকাণ্ডের হুমকি দিয়ে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তদন্ত শুরু করেছে।

তবে এখন পর্যন্ত ই-মেইলগুলোর প্রেরককে শনাক্ত করা সম্ভব হয়নি। একই ব্যক্তি বা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী এসব বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হুমকিগুলোকে বাস্তব হামলার বিশ্বাসযোগ্য সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক বার্তা পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

ঘটনাটি জার্মানির বিভিন্ন অঞ্চলে স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট