logo

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার। এ জন্য একে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে। দপ্তরটি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোর্নিও দ্বীপের সাবাহ উপকূলের কাছে। কম্পন সাবাহর পশ্চিম উপকূলজুড়ে অনুভূত হয়। এ ছাড়া প্রতিবেশী সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পটি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএসজিএস। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি গভীর স্তরে সংঘটিত হওয়ায় সুনামির সম্ভাবনা নেই।

এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া মালয়েশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।