logo

মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার খবর, সৌদির অস্বীকার

মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার খবর, সৌদির অস্বীকার
মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ছবি: আনাদোলু এজেন্সি

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে (গ্র্যান্ড মসজিদ) আত্মঘাতী বোমা হামলার চেষ্টা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার সৌদি কর্মকর্তারা জানান, বিস্ফোরক-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য নয়, বরং পথচারীদের হয়রানি ও তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওসহ বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন ব্যক্তি কাবার দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে অসত্য বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি পাবলিক সিকিউরিটি জানায়, নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থলেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলার প্রচেষ্টা হিসেবে প্রচার করার কোনো ভিত্তি নেই। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টির অভিযোগেই ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন দাবিকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।