ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা এস্পোসিতো

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর বিখ্যাত অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সিরিজটির গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিংয়ে অবস্থানকালে রোববার (২১ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
তুর্কি আল-শেখ বলেন, অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো পবিত্র শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। সৌদি আরবে শুটিং চলাকালীন তিনি একটি মসজিদে তার প্রোডাকশন টিমের অন্য সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও এই মার্কিন অভিনেতাকে মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে নামাজ পড়তে দেখা গেছে।
তিনি আরও জানান, সৌদি আরবে কাটানো চমৎকার কিছু মুহূর্ত এবং সেখানে কাজ করার সময় স্থানীয় মুসলমানদের সঙ্গে ইতিবাচক মেলামেশা এস্পোসিতোকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। একইসঙ্গে শুটিং চলাকালীন সৌদি আরবের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেছেন এই অভিনেতা।
চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের দীর্ঘ কর্মজীবন রয়েছে জিয়ানকার্লো এস্পোসিতোর। ব্রেকিং ব্যাড সিরিজে গাস ফ্রিং চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক মহলে ব্যাপক স্বীকৃতি ও একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। এছাড়া ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেও তিনি বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হয়েছেন।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, এস্পোসিতো বর্তমানে সৌদি আরবে ‘সেভেন ডগস’ নামের একটি বড় বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। মূলত সৌদি আরব তাদের বিনোদন ও চলচ্চিত্র খাতের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং বিশ্বমানের তারকা ও আন্তর্জাতিক প্রোডাকশনগুলোকে আকৃষ্ট করতে যে বিশেষ উদ্যোগ নিয়েছে, এই চলচ্চিত্রটি তার একটি অন্যতম অংশ।
সূত্র: আনাদোলু






