গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

এশিয়া পোস্ট ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আল-বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। আলজাজিরা মুবাশের চ্যানেলের ক্যামেরাপার্সন ছিলেন।

Advertisement

শনিবারের এ হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও।

আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

আলজাজিরা বলেছে, সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করার উদ্দেশ্যে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর যে ধারাবাহিক নীতি ইসরায়েল অনুসরণ করছে, এই হামলা তারই অংশ।

মাত্র দুই মাস আগে তার ভাই মোহাম্মদ উইশাহও ইসরায়েলি হামলায় নিহত হন। ৮ এপ্রিল নিজ বাড়িতে ফেরার পথে গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি গোলাবর্ষণে তিনি প্রাণ হারান বলে জানিয়েছিল ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

পরদিন ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিল, মোহাম্মদ উইশাহ হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন ইউনিটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

একই ধরনের অভিযোগ এবার আহমেদ উইশাহর বিরুদ্ধেও তুলেছে ইসরায়েল।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, আহমেদ উইশাহর বিরুদ্ধে পরিচালিত হামলার বিষয়টি আমরা নিশ্চিত করছি। তিনি হামাসের একজন সদস্য ছিলেন।

তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

১৯৮৬ সালে আল-বুরেইজ শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন আহমেদ উইশাহ। ২০১৮ সালে তিনি আলজাজিরা মুবাশেরে যোগ দেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর নিহত হওয়া আলজাজিরার ১২তম কর্মী তিনি।

আলজাজিরার পূর্ণাঙ্গ বিবৃতিতে বলা হয়েছে, আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সংবাদমাধ্যমটি এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়।

আলজাজিরা বলেছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ইসরায়েলি বাহিনীর চাপ ও হামলার মুখেও গাজা থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে শনিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ২৬০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১২ জন আলজাজিরার সঙ্গে যুক্ত ছিলেন।