logo

জন্মদিনেই গ্রেপ্তার ব্রিটিশ রাজা তৃতীয় চালর্সের ভাই অ্যান্ড্রু

জন্মদিনেই গ্রেপ্তার ব্রিটিশ রাজা তৃতীয় চালর্সের ভাই অ্যান্ড্রু

সরকারি অফিসে দায়িত্ব পালনকালে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চালর্সের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। আধুনিক ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে গ্রেপ্তার হলেন। এদিন তার ৬৬তম জন্মদিন ছিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ যুবরাজকে গ্রেপ্তার করা হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সরকারি অফিসে দায়িত্ব পালনকালীন অসদাচরণ করেছেন সন্দেহে ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

দেশটির পুলিশের কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবিসি রেডিও ৫ লাইভে অ্যান্ড্রু মাউন্টব্যাটন-উইন্ডসরের গ্রেপ্তারের কারণ জানতে পুলিশের মুখপাত্র ড্যানি শ’র সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, সাবেক ব্রিটিশ যুবরাজকে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা আটক রাখা হতে পারে। তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আদালতে আটকের সময় বাড়ানোর সুপারিশ করতে পারেন।

ড্যানি শ আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহভাজনদের ১২ থেকে ২৪ ঘণ্টা হেফাজতে রাখা হয়। এরপর অভিযোগ আনা হয়। অথবা তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয়। অ্যান্ড্রুকে ‘হেফাজতে একটি নিরাপদ কক্ষে’ রাখা হবে। সেখানে কেবল ‘একটি বিছানা ও একটি টয়লেট’ থাকবে। তার জন্য ‘বিশেষ চিকিৎসার ব্যবস্থাও নেই’। তবে তিনি অ্যান্ড্রুকে ঠিক কোন সময় গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি।