সিঙ্গাপুরে দুর্ব্যবহারের শিকার বাসচালকদের জন্য কাউন্সেলিং

সিঙ্গাপুরে যাত্রীদের সঙ্গে বাসচালকদের বাগ্বিতণ্ডা, গালমন্দ এমনকি মারধরের ঘটনা অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। দেশটির ল্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের (এলটিএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সিঙ্গাপুরে বাস ক্যাপ্টেনদের সঙ্গে দুর্ব্যবহারের ২৬টি ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫টিতে।
কিন্তু চলতি বছরের এপ্রিলের মধ্যে সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে। এ বছর বাস চালকদের মারধরের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে, দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন (এনটিডব্লিউইউ)।
এ পরিস্থিতিতে চালকদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন। পরিবহন শ্রমিকদের মানসিক স্বস্তি দেওয়ার লক্ষ্যে ইউনিয়নের পক্ষ থেকে কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের এসবিএস ট্রানজিটের চালক চুই মুন সিং সংবাদমাধ্যম সিএনএ-কে বলেন, মার্চের শেষদিকে একটি লড়ি এবং একটি মোটরসাইকেল একটি বাস স্টপেজে থেমে থাকায় তার গাড়ির গতিরোধ করে। এ ব্যাপারে তিনি তাদেরকে সতর্ক করলে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। চুই মুন বলেন, তাদের আচরণে তিনি গভীরভাবে ব্যথিত হন।
ওই চালক আরও জানান, তিনি বিষয়টি তার সুপারভাইজরকে জানানোর পাশাপাশি পুলিশের কাছে একটি অভিযোগ দেন। কিন্তু তার দুর্ভোগ এখানে শেষ নয়, তার সঙ্গে বাগ্বিতণ্ডার ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
চুই মুন সিং বলেন, এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সিঙ্গাপুরে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে এনটিডাব্লিউইউর অভিযোগ, সরাসরি গালমন্দ করা ছাড়াও অনলাইনেও বাসচালক ও পরিবহন শ্রমিকদের নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। এমনকি ভাড়া দেওয়া, গাড়িতে বসে খাওয়া কিংবা কোন যাত্রী তার নির্দিষ্ট স্টপেজে নামতে না পারার মতো ছোটখাটো ঘটনাতেও পরিবহন শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহারের ঘটনা ঘটছে।
