logo

এবার স্থানীয় প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে ইসরায়েল

এবার স্থানীয় প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসকে প্রায় ২০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহের ক্রয়াদেশ দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, মূলত আকাশপথে হামলার সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যেই এই বিশাল বিনিয়োগ করা হয়েছে।

এলবিট সিস্টেমস জানিয়েছে, তাদের তৈরি অত্যাধুনিক এই সমরাস্ত্রগুলো ইসরায়েলি বিমানবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই চুক্তি প্রসঙ্গে বলেন, ‘অস্ত্রের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।’

এই বিশাল সামরিক চুক্তির খবর এমন একসময়ে এল, যখন গাজায় ভয়াবহ হামলার কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি উঠছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে বড় ধরনের বিনিয়োগ চালিয়ে যাচ্ছে।