logo

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
আদানি পাওয়ার প্ল্যান্ট। ছবি: আদানি গ্রুপ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হবে ইউনিটটি। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরবে আগামী ১৮ ডিসেম্বর।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

Advertisement

কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির মোট ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিট ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কিন্তু চুক্তি অনুযায়ী বাংলাদেশে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে।

বিপিডিবি ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য আদানি ২ বিলিয়ন ডলার ব্যয়ে প্ল্যান্টটি নির্মাণ করেছে এবং এর প্রথম ইউনিটটি ২০২৩ সালের ৯ মার্চ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

শীত আসার সঙ্গে সঙ্গে চাহিদা কমে যাওয়ায় এই শাটডাউন করা হয়েছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে আমদানি অক্টোবরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে, যদিও চাহিদা এবং অভ্যন্তরীণ উৎপাদন কমেছে।

এনএলডিসির পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে দৈনিক আমদানি গড়ে ৩৩.৬ মিলিয়ন ইউনিট এবং নভেম্বরে ৪৬ মিলিয়ন ইউনিট ছিল। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময়ে আদানি থেকে ১,৪৩০.০৬ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর ১০ সেপ্টেম্বর তা কমে ৬৯১.৪৪ মেগাওয়াটে নেমে আসে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট