বাংলাদেশ সীমান্তে তিন থানা ও তিন আউটপোস্টের প্রস্তাব ভারতে

রাজশাহী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্তসংলগ্ন এলাকায় নতুন করে তিনটি থানা ও তিনটি পুলিশ আউটপোস্ট করার প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। মালদায় সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় রূপান্তরিত করা হবে। জনবল আরও বৃদ্ধি করা হবে। মূলত মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।
নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুইটি আউটপোস্ট হবে। এ ছাড়া ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকে উন্নত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে।
প্রস্তাবে রাজ্য সরকারকে জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ কমাতে এই থানা ও আউটপোস্ট সহায়ক হবে।




