যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালির কাছে এ-১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। শুক্রবার (৩ এপ্রিল) মধ্যরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিমানটি ইরানের গুরুত্বপূর্ণ জলসীমা হরমুজ প্রণালির কাছে ভূপাতিত করা হয়। তবে তাদের এ দাবি যাচাই করতে পারেনি আলজাজিরা।
এ-১০ মডেলের যুদ্ধবিমানগুলো মূলত কাছাকাছি জল বা স্থলে সামরিক অভিযান চালানোর জন্য ডিজাইন করা। যুক্তরাষ্ট্রের এই বিমান ভূপাতিত করার দাবি এমন সময় আসল যখন ইরানে অভিযান চালাতে গিয়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানের পাইলটকে উদ্ধারে গিয়ে আরও একটি সামরিক হেলিকপ্টার ইরানের হামলার শিকার হয়েছে।
ইরানের মধ্য অঞ্চলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ওই বিমানটির কিছু ছবি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূপাতিত বিমানটি ‘এফ-৩৫’ মডেলের। ধ্বংসাবশেষের গায়ে থাকা চিহ্নগুলো বিমানটিকে ‘ইউএস ইউরোপীয় কমান্ড’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রমাণ করে। যুদ্ধ শুরুর পর থেকে এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে বিধ্বস্ত হলো।
যুদ্ধবিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারেও আঘাত হানে ইরানের সামরিক বাহিনী। এদিকে বিধ্বস্ত বিমানের পাইলটদের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে।