logo

আসাদ আমলের কর্মকর্তারা আদালতে, সিরিয়ায় ঐতিহাসিক বিচার শুরু

আসাদ আমলের কর্মকর্তারা আদালতে, সিরিয়ায় ঐতিহাসিক বিচার শুরু

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রকাশ্যে ঐতিহাসিক বিচারকার্য শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৬ এপ্রিল) রাজধানী দামেস্কের একটি আদালতে হাজির হন দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের তৎকালীন রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। তিনি আল-আসাদের চাচাতো ভাই।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বরাতে এপি জানায়, সেনা কর্মকর্তা আতিফ নাজিবের বিরুদ্ধে সিরীয় জনগণের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১১ সালে নাজিব দারার রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময় প্রদেশটির একটি স্কুলের দেওয়ালে সরকারবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগে কিশোরদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছিল। কারণ তারা আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীর দমনমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল।

বিক্ষোভকারীরা তৎকালীন সরকারের নৃশংস দমনপীড়নের শিকার হয়, যা পরবর্তীতে ১৪ বছরের গৃহযুদ্ধে রূপ নেয়। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর আকস্মিক আক্রমণে আসাদের ক্ষমতাচ্যুতির মাধ্যমে এই গৃহযুদ্ধের অবসান ঘটে। আসাদ রাশিয়ায় পাড়ি জমান এবং তার ঘনিষ্ঠদের বেশিরভাগই সিরিয়া থেকে পালিয়ে যায়।

আসাদ নিজে ও তার ভাই মাহেরসহ (সিরীয় সেনাবাহিনীর চতুর্থ সাঁজোয়া ডিভিশনের প্রাক্তন কমান্ডার) বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকতার অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মীদের হত্যা, নির্যাতনের পাশাপাশি আটক কেন্দ্র পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া চতুর্থ ডিভিশনের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ উত্থাপন করেছে আহমেদ আল-শারার বর্তমান সরকার।

আসামিদের মধ্যে একমাত্র নাজিবই গ্রেপ্তার হয়ে রোববার আদালতে সশরীরে হাজির হন। আগামী মাসে এই মামলার বিচারকার্য চলবে ও এটি ছিল একটি প্রস্তুতিমূলক অধিবেশন। এদিন আদালত ভবনের বাইরে বিপুল জনতার ভিড় দেখা গেছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সরকার প্রতিশ্রুত অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়া শুরু করতে বিলম্বের কারণে সমালোচনার মুখে পড়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়া ক্ষত সারানোর জন্য সংগ্রাম করছে, যে যুদ্ধে আনুমানিক পাঁচ লাখ মানুষ নিহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং দেশটি কয়েকটি গোষ্ঠীর সংঘাতে বিধ্বস্ত ও বিভক্ত হয়ে পড়েছে।

দামেস্ক থেকে এপির সংবাদদাতা জানিয়েছেন, সিরীয় কর্তৃপক্ষ এখন আসাদের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মনে হচ্ছে।

সিরীয় কর্তৃপক্ষ শুক্রবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমজাদ ইউসুফকে গ্রেপ্তার করেছে। তাকে চার বছর আগে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল। ভিডিওতে দেশটির গৃহযুদ্ধের সময় দামেস্কের উপকণ্ঠ তাদামনে তাকে ও তার সঙ্গীদের চোখ বাঁধা এবঙ হাতকড়া পরা কয়েক ডজন বন্দিকে মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা যায়।