যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা আতঙ্কে ইরানি শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার আতঙ্কে ইরানি এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটির বরাতে বুধবার (২৫ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইয়াজদ শহরে এক শক্তিশালী বিস্ফোরণের শব্দের আতঙ্কে ১০ বছর বয়সি এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) শহরের উপকণ্ঠে ঘটে যাওয়া এক শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দ হয়। এতে প্রচণ্ড আতঙ্ক এবং মানসিক চাপের কারণে ওই শিশুটি প্রাণ হারায়।
ইয়াজদ প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছে, শহরের বাইরের একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর হামলার ফলে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিহত ২০৮ শিশুর মধ্যে ১৬৮ জন মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়।
মিয়াদফার আরও বলেন, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের নিচে। আর সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল তিন দিন। ইরান সরকারের হিসাবে, এ পর্যন্ত দেশজুড়ে ১ হাজার ৫০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।