তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস, এরপরও বাড়তে পারে দাম

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস। এরপরও বিশ্লেষকরা এ পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেছেন। রোববার (১ মার্চ) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
আমেরিকা-ইসরায়েলি জোটের আক্রমণের পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলা চলছে। এমন সময়ে তেল উৎপাদক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস এ সিদ্ধান্ত নেয়। তারা প্রত্যাশার চেয়েও বেশি জ্বালানি তেল উৎপাদনের ঘোষণা দিয়েছে।
প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব, রাশিয়া এবং তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব বহনকারী বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র ও ওপেক প্লাসের অন্যান্য সদস্যরা জানিয়েছে, তারা প্রতিদিন দুই লাখ ছয় হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধি করবে। তারা একটি বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত এপ্রিল মাসে বাস্তবায়িত হবে।
এ বৈঠকের আগে বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো প্রতিদিন আরও এক লাখ ৩৭ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধি করবে।
তবে রাইস্টাডের জ্বালানি বিশ্লেষক জর্জ লিওন বলেছেন, সোমবার (আন্তর্জাতিক) বাণিজ্য শুরু হওয়ার সময় ইরান সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি রোধ করার জন্য সম্মত হওয়া এই উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়।
জ্বালানি বিশ্লেষকদের শঙ্কা ইরান হরমুজ প্রণালীকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এর ফলে তেলের দাম বাড়বে।