logo

গাজায় শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করছে তুরস্ক-মিসর: এরদোয়ান

গাজায় শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করছে তুরস্ক-মিসর: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করছে তুরস্ক-মিসর। এছাড়া লিবিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায়ও দুই দেশ কাজ করছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

এরদোয়ান কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, তুরস্ক গাজায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে মিসরের সঙ্গে কাজ করছে এবং এই যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে। লিবিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে মিসরের সঙ্গে আমরা কাজ করব।

তিনি বলেন, আফ্রিকায় তুরস্কের বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে মিসর। আঙ্কারা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৮-৯ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

এরদোয়ান বলেন, তুরস্ক সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন, নৌচলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে মিসরের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করবে।

তিনি বলেন, সোমালিল্যান্ডের বিচ্ছিন্ন অঞ্চলকে ইসরায়েল যেভাবে স্বীকৃতি দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তুর্কি সরকার। সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা প্রয়োজন। একইসঙ্গে আমরা সুদানে যুদ্ধবিরতি চাই।

এরদোয়ান আরও জোর দিয়ে বলেন, এক মাস ধরে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় মানুষের ভোগান্তি কমেনি। এখন এ অঞ্চলে শান্তি ফেরাতে চায় তুরস্ক।