পুরোপুরিভাবে ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে না ইরানি প্রতিনিধিরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন কোনো দফার আলোচনার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। সোমবার (২০ এপ্রিল) আলজাজিরা এ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার উদ্দেশ্যে তার একটি বিশেষ প্রতিনিধিদলকে ইসলামাবাদে পাঠানোর ঘোষণা দেন। এ ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এই ইরানি জাহাজ জব্দ করার ঘটনাটি ঘটল। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ইরানের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠাবে না ইরান। যতদিন মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, ততদিন ইরানিরা কোনো আলোচনায় অংশ নেবে না।
বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করেনি ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে ইরান পাকিস্তানে তাদের আলোচক দল পাঠাবে না।
অপরদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে সোমবার মার্কিন আলোচকরা পাকিস্তানে পৌঁছাবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরের বিষয়টি নিশ্চিত করেন।