সরকারে জায়গা পেতে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দেবেন মনসুর আব্বাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসাকে প্রকাশ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দেবেন ইসরায়েলের আরব দল রা'আমের প্রধান মনসুর আব্বাস। ইয়াসার পার্টির প্রধান ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের জোটের সঙ্গে সরকার গঠনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলা হয়, আগামীকাল শনিবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে আব্বাস এ ঘোষণা দিতে পারেন।
আব্বাস এক বিবৃতিতে বলেন, ‘শনিবার রাতে সাংবাদিক ডানা ওয়াইসের সঙ্গে আমার সাক্ষাৎকার চ্যানেল ১২ নিউজে সম্প্রচারিত হবে। সেখানে আমি হামাসের সংজ্ঞা নিয়ে আলোচনা করব।’ তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে যেন শুধু ‘সাক্ষাৎকারে আমার বলা কথাগুলোই’ উল্লেখ করা হয়, ‘আমার নামে আরোপিত অন্য কোনো কথা নয়’।
ইসরায়েলের সরকার গঠনে আইজেনকোটকে বেঁধে দেওয়া সময়ের আর মাত্র বাকি আছে নয় দিন। এর মধ্যেই তিনি একটি জোট সরকার গঠনের চেষ্টা করছেন। তার শর্ত, নতুন সরকারে যোগ দেওয়া প্রতিটি দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সংগঠনটির ধ্বংসের প্রতিশ্রুতি দিতে হবে।
আব্বাসও বারবার বলেছেন, পরবর্তী সরকারে তিনি রা'আম পার্টিকে দেখতে চান। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অংশ ছিল তার দল। কোনো আরব দলের জন্য এটি ছিল বিরল ঘটনা।
ঐতিহাসিকভাবে দলটি ইসলামপন্থি হিসেবে পরিচিত। গত ৩ নভেম্বর নির্বাচনের আগে আব্বাস ঘোষণা দেন, দলটি তার ধর্মীয় নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে নাগরিক পরিচয় গ্রহণ করবে। একই সঙ্গে ইসরায়েল পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়োভ সেগালোভিটজকে দলীয় প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে।
এত দিন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্পষ্টভাবে স্বীকৃতি না দেওয়ায় রা'আমের সরকারে যোগদানের পথে বাধা ছিল। তবে আব্বাসের সম্ভাব্য ঘোষণার পরও জোটে দলটির অংশগ্রহণ নিশ্চিত নয়। আরব পৌরসভাগুলোতে অপরাধ দমনসহ কয়েকটি বিষয়ে আইজেনকোটের কাছ থেকে নিশ্চয়তা চাইছে দলটি।
তবে আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট প্রকাশ্যে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেয়নি।
এদিকে আব্বাসের সম্ভাব্য ঘোষণাকে ‘লোক দেখানো’ বলে উপহাস করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিত্ররা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আইজেনকোটকে ধোঁকা দিয়ে সরকারে প্রবেশ করাই আব্বাসের উদ্দেশ্য।
তারা আব্বাসের সম্ভাব্য অবস্থানকে ‘তাকিয়াহ’ ধারণার সঙ্গে তুলনা করেছেন। মুসলিমবিরোধী প্রচারে ব্যবহৃত এই ধারণার মাধ্যমে তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণে আব্বাস সত্য গোপন করছেন।
আইজেনকোটের মেয়াদের আর মাত্র নয় দিন বাকি। এর মধ্যে রা'আম ও ইউনাইটেড তোরাহ জুডাইজমসহ কয়েকটি দলের সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন তিনি। অন্যদিকে, নেতানিয়াহুর মিত্ররা এমন সরকার গঠনের বিরোধিতা করছেন।
(2)-6182f1.jpg)


