logo

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র খুলতেই খোয়ালেন ১০ লাখ টাকা

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র খুলতেই খোয়ালেন ১০ লাখ টাকা
প্রতীকী ছবি।

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণের নামে পাঠানো একটি এপিকে ফাইল ডাউনলোড করে ১০ লাখ টাকা হারিয়েছেন এক যুবক। এ ঘটনায় প্রতারণার অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের গুজরাটের উত্তরপ্রদেশের বিজনৌরে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের হোয়াটসঅ্যাপে একটি এপিকে ফাইল পাঠানো হয়েছিল। সেটিকে বিয়ের নিমন্ত্রণ ভেবে ডাউনলোড করার পরই তার ব্যাংক হিসাব থেকে ১০ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর তদন্তে নামে পুলিশ।

শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় বিজনৌরের বাসিন্দা দেবেন্দ্র মালিককে গ্রেপ্তার করে সুরাট পুলিশ।

পুলিশ জানিয়েছে, অর্থের বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ দিতেন দেবেন্দ্র। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ তার অ্যাকাউন্টে জমা হতো। পরে মোট টাকার ২০ শতাংশ নিজের কাছে রেখে অবশিষ্ট অর্থ সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিতেন তিনি।

এ ঘটনায় মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় সাইবার অপরাধ দমন বিভাগ।

এ ধরনের প্রতারণা এড়াতে হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির পাঠানো কোনো লিংক বা ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে পুলিশ। একইভাবে ইমেইল ও এসএমএসে আসা সন্দেহজনক লিংকেও ক্লিক করতে নিষেধ করা হয়েছে।

সূত্র: এই সময়

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট