logo

যুদ্ধে বিভিন্নভাবে রাশিয়ার সাহায্য পাচ্ছে ইরান: আরাঘছি

যুদ্ধে বিভিন্নভাবে রাশিয়ার সাহায্য পাচ্ছে ইরান: আরাঘছি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিভিন্নভাবে রাশিয়ার সাহায্য পাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি। যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে তারা যুদ্ধ চালিয়ে যাবেন। 

রোববার (৮ মার্চ) সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

এদিকে শুক্রবার (৬ মার্চ) চারটি সূত্রের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এরমধ্যে মার্কিন যুদ্ধজাহাজ খুঁজে বের করার তথ্যও রয়েছে।

ইরান রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না—সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের এমন প্রশ্নে আরাঘছি বলেন, ইরান ও রাশিয়ার সহযোগিতা নতুন কিছু নয় এবং এটি গোপনও নয়।

তবে রুশ গোয়েন্দা তথ্য ইরানকে মার্কিন সামরিক সম্পদ খুঁজে পেতে সাহায্য করছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি। তিনি বলেন, তারা (রাশিয়া) আমাদের ভিন্ন দিকে সাহায্য করছে। আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।

আরাঘছি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমাদের মানুষকে হত্যা করছে, তারা ছাত্রীদের হত্যা করছে। আপনারা জানেন, তারা হাসপাতালেও হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধ শেষ করার জন্য হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ইতোমধ্যেই লঙ্ঘন করেছে। এখন আপনারা আবার যুদ্ধবিরতি চাইছেন? এটি এভাবে কাজ করে না।

আরাঘছি বলেন, যুদ্ধের একটি স্থায়ী অবসান হওয়া প্রয়োজন। যতক্ষণ আমরা সেখানে পৌঁছাতে না পারছি, ততক্ষণ আমাদের জনগণ এবং আমাদের নিরাপত্তার স্বার্থে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।