Advertisement

মাঠে বসে বিশ্বকাপের ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

এশিয়া পোস্ট ডেস্ক
মাঠে বসে বিশ্বকাপের ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও তার স্ত্রী লিনা আল আশকারের পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এই উপস্থিতিকে কেন্দ্র করে রোববার (১৯ জুলাই) স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

মার্কিন ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় এই নিরাপত্তা কার্যক্রমে আকাশপথ পাহারায় নামানো হয়েছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান। পাশাপাশি স্টেডিয়াম এলাকায় মোতায়েন থাকছেন সামরিক প্রশিক্ষিত চৌকস স্নাইপার ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাজার হাজার এলিট এজেন্ট।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তার কড়াকড়ির কারণে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের কিছুটা বাড়তি সময় লাগতে পারে। এ জন্য ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগেই সবাইকে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিকে ‘লেভেল-১’ ক্যাটাগরির বিশেষ ইভেন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হয়।

এই বিশাল নিরাপত্তা অভিযানের গুরুত্ব বোঝাতে গিয়ে হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফ স্পোর্টকে বলেন, এই ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ কিংবা নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রোটোকলের সমতুল্য।

নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তার জন্য অসংখ্য ফেডারেল সংস্থাকে মাঠে নামানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি আমেরিকানদের জনপ্রিয় আয়োজন ‘সুপার বোল’-এর চেয়েও বহুগুণ বড়।

টাস্কফোর্সের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক বন্দুকধারীর অনুপ্রবেশের ঘটনার পর এই কড়াকড়ি শুরু হয়। ওই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে নিয়ে ৬২ কোটি ৫০ লাখ ডলারের বিশাল অঙ্কের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন পর্যন্ত চলতি আসরের ১০৩টি ম্যাচ কোনো বড় ধরনের অঘটন ছাড়াই সফলভাবে শেষ হয়েছে। ফাইনালের শেষ ম্যাচটিও একইভাবে নিরাপদ রাখতে চায় প্রশাসন।

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদমাধ্যমগুলোতে আভাস ছিল, ট্রাম্প সমাপনী ম্যাচে মাঠে থাকবেন। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনা মাথায় রেখে ফেডারেল সংস্থা ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বিগত দুই বছর ধরে রোববারের এই বিশেষ ছক তৈরি করেছে। এবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা।

এদিকে ফাইনালকে কেন্দ্র করে আকাশসীমায় জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ইতোমধ্যে একটি ছোট বেসামরিক বিমানকে তাড়া করেছে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ ফাইটার জেট। উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানগুলো প্রথমে আলোক সংকেত দিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে এবং পরে বিমানটিকে নিষিদ্ধ এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যায়। এছাড়া টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের আশপাশে উড়তে থাকা শত শত অবৈধ ড্রোনও জব্দ করেছে এফবিআই।

প্রেসিডেন্টের জন্য নিয়োজিত সিক্রেট সার্ভিসের কঠোর তল্লাশি দর্শকদের বিলম্বের মূল কারণ হতে পারে। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মার্কিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ট্রাম্পের উপস্থিতির মাধ্যমে এই টুর্নামেন্টটি মার্কিন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সফল বিশ্বকাপ হিসেবে শেষ হতে যাচ্ছে। এর আগে গত মাসে নিউইয়র্কে এনবিএ ফাইনালের ম্যাচে ট্রাম্পের উপস্থিতির কারণেও রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দর্শকদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।