হিজবুল্লাহর রকেট হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত

হিজবুল্লাহর রকেট হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ছোড়া রকেট হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এ ঘটনায় গিভাতি ব্রিগেডের পাঁচজন সৈন্য গুরুতর আহত হন। এ ছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন।
লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটেছে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে চ্যানেল-১২ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গুলিতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা এবং দক্ষিণ লেবাননের অভ্যন্তরে কর্মরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও রকেট দিয়ে ৯টি হামলা চালিয়েছে।