logo

যুক্তরাষ্ট্রের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র যদি স্থল আক্রমণের জন্য সেনা মোতায়েন করে, তাহলে ইরান তাদের মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, এমন পরিস্থিতি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একইসঙ্গে এই ধরনের যুদ্ধে আসলে কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অভিজ্ঞতা ভালো নয়। তার অভিযোগ, গত বছর ও চলতি বছর দুবার কয়েক দফায় আলোচনা হলেও আলোচনার মাঝখানেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর আক্রমণ চালিয়েছে। এ কারণেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের আস্থা কম।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে আরাঘচি বলেন, এ সিদ্ধান্ত নেবে ইরানের ৮৮ সদস্যের সরকারি সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট। তিনি জোর দিয়ে বলেন, এটি পুরোপুরি ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের বা নেতার হস্তক্ষেপের সুযোগ নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেকে সম্পৃক্ত করার উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মোজতবা খামেনি আমার কাছে অগ্রহণযোগ্য ব্যক্তি। আমরা এমন কাউকে চাই যে ইরানে সম্প্রীতি ও শান্তি আনবে।’ তার এই উচ্চাকাঙ্ক্ষার জবাবে এই কথা বলেছেন আরাঘচি।

গত ২৮ ফেব্রুয়ারি আলোচনার মধ্যে ইরানে যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির সর্বোচ্চ নেতা খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাব দিতে দেরি করেনি ইরানও। ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।