logo

নারীর পোশাকে রাতের দিল্লির রাস্তায় যুবক, জানালেন অভিজ্ঞতা

এনডিটিভি
এনডিটিভি
নারীর পোশাকে রাতের দিল্লির রাস্তায় যুবক, জানালেন অভিজ্ঞতা
নারীর পোশাকে রাতের দিল্লির রাস্তায় যুবক। ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া

রাতে ভারতের রাজধানী দিল্লির রাস্তা নারীদের জন্য ঠিক কতটা নিরাপদ; সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবং বাস্তব অভিজ্ঞতা পেতে অভিনব উদ্যোগ নেন এক পুরুষ কনটেন্ট ক্রিয়েটর। নারী সেজে, মেকআপ ও ওড়নায় মুখ ঢেকে স্কুটি নিয়ে গভীর রাতে দিল্লির রাস্তায় বের হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র দুই ঘণ্টার সেই অভিজ্ঞতায় তাকে মুখোমুখি হতে হয় অত্যন্ত ভীতিকর, আপত্তিকর ও গা শিউরে ওঠা পরিস্থিতির।

ইনস্টাগ্রামে ‘BeJaintle’ নামে পরিচিত ওই কনটেন্ট ক্রিয়েটর পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।

ভিডিওতে দেখা যায়, নিজের আসল পরিচয় গোপন রাখতে তিনি মেয়েদের পোশাক, মেকআপ ও মাথায় ওড়না পেঁচিয়ে স্কুটি চালিয়ে বাইরে বের হন। তবে বাড়ি থেকে বের হওয়ার পরপরই পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। রাস্তার মোড়ে মোড়ে পথচারী ও চালকেরা তার দিকে অদ্ভুত ও কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকাতে শুরু করে।

একপর্যায়ে দুজন ব্যক্তি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্কুটি নিয়ে তার পিছু নেয় এবং ক্রমশ গা ঘেঁষে আসার চেষ্টা করে। অন্য একটি স্থানে এক অপরিচিত ব্যক্তি যেচে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, যা তার উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় অটোরিকশা চালকদের মুখোমুখি হওয়ার পর। তিনি জানান, স্কুটি চালিয়ে যাওয়ার সময় দুটি অটোরিকশা বেপরোয়াভাবে এসে তার পথরোধ করে দাঁড়ায়। একটি অটোরিকশার চালক সঙ্গে থাকা ক্যামেরাম্যান বন্ধুদের ভিডিও করতে দেখে সরে গেলেও অন্য চালকটি বারবার তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পরীক্ষাটি মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হন ওই যুবক।

ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘গত দুই ঘণ্টায় আমার সঙ্গে যা ঘটেছে, তা এককথায় অত্যন্ত অস্বস্তিকর ও ভয়াবহ। রাতের বেলা মেয়েদের একা বাইরে বের হওয়া যে কতটা অনিরাপদ এবং তাদের জীবন কতটা কঠিন তা এই দুই ঘণ্টার বাস্তব অভিজ্ঞতা না হলে কোনোদিন বুঝতে পারতাম না।’

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ নারীদের নিরাপত্তার এই তিক্ত ও কঠিন বাস্তব চিত্র তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে ভিডিওটি দেখার পর তারা আতঙ্ক বোধ করছেন।

তবে সচেতন বিশ্লেষকদের মতে, একটি ব্যক্তিকেন্দ্রিক পরীক্ষা বা ভিডিও দিয়ে পুরো শহরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিচার করা যায় না। এটিকে ওই কনটেন্ট নির্মাতার নিজস্ব পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত। তা সত্ত্বেও, তার এই উদ্যোগ রাতের শহরে নারীদের অবাধ চলাচল ও হয়রানি নিয়ে নতুন করে বড় ধরনের সামাজিক আলোচনার সূত্রপাত করেছে।