পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল, এখন থেকে সাপ্তাহিক ছুটি শুধু রোববার

ভারতের পশ্চিমবঙ্গে সরকার স্বীকৃত সব মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুধু রোববার ছুটি থাকবে। অবিলম্বে এ নির্দেশ কার্যকর করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পরদিন বিজ্ঞপ্তিটি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসরণ করতে হবে। রোববার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিন নিয়মিত সাপ্তাহিক ছুটি রাখা যাবে না।
দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বেশকিছু মাদ্রাসায় জুমার নামাজ আদায়ের সুবিধার্থে শুক্রবার সাপ্তাহিক ছুটি পালনের প্রচলন ছিল। এ কারণে রোববার এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু থাকত। নতুন নির্দেশনার ফলে কয়েক দশকের সেই প্রথার অবসান ঘটতে যাচ্ছে।
মাদ্রাসার পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থীদের পোশাকবিধি এবং বায়োমেট্রিক হাজিরা চালুর মতো বিভিন্ন প্রশাসনিক পরিবর্তনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
এর আগে গত অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড সরকারও রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়।
এদিকে, পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে এর আগেও পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গত সেপ্টেম্বরে প্রয়োজনীয় নথিপত্র, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা এবং অর্থায়নসংক্রান্ত অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনার ফলে পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলোর সাপ্তাহিক ছুটির প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে।


