ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

তেহরান ও ওয়াশিংটন উত্তেজনার মধ্যে ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৯ জুলাই) ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই হামলার তথ্য জানিয়েছে।
এইওআই জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে খুজেস্তান প্রদেশের ওই স্থাপনায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। সংস্থাটির দাবি, এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইরানে ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল। দেশটির দাবি, গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশটির সামরিক-বেসামরিক স্থাপনার লক্ষ্য করে গত এক সপ্তাহ ধরে টানা হামলা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা সব স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও।
দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে তেহরানের বাধা দেওয়ার অভিযোগে দেশটিতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র: এএফপি, আনাদোলু।
.png)






