কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলা, প্রাণ গেল অভিবাসী শ্রমিকের

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসী হামলায় এক অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। চলমান অমরনাথ যাত্রার মধ্যে এ হামলার পর পুরো কাশ্মীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুলগাম জেলার কেল্লাম গ্রামে অস্থানীয় দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিদ্যমান নিরাপত্তা কাঠামোর পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৬৭০টি আধাসামরিক বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে।
গত ১০ দিনের মধ্যে কাশ্মীরে এটি দ্বিতীয় লক্ষ্যভিত্তিক সন্ত্রাসী হামলা। এরও আগে গত সপ্তাহে অনন্তনাগ জেলায় আরেকটি হামলায় এক পুলিশ সদস্য নিহত হন।
সাম্প্রতিক এসব হামলার পর উপত্যকাজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
তবে এই গণআটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: এনডিটিভি
.png)





