logo

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলায় জাতিসংঘের নিন্দা, ‘ভয়াবহ পরিণতির’ সতর্কবার্তা

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলায় জাতিসংঘের নিন্দা, ‘ভয়াবহ পরিণতির’ সতর্কবার্তা
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে এর পরিণতি গোটা অঞ্চলসহ বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে মহাসচিবের এ অবস্থানের কথা জানান।

Advertisement

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। এ ছাড়া আহত হন কুয়েতের একজন নাগরিক ও একজন পাকিস্তানি নাগরিক।

গুতেরেস এ ঘটনায় কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি সব পক্ষকে সংযম বজায় রাখার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে আরও বিপন্ন করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

দুজারিকের ভাষ্য অনুযায়ী, গুতেরেস সতর্ক করে বলেছেন, ‘নতুন করে শত্রুতা শুরু হলে তা এই অঞ্চল এবং এর বাইরেও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি। তাই চলমান কূটনৈতিক প্রচেষ্টা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

হামলার দায় নিয়ে ইরান-ইতালির পাল্টাপাল্টি বক্তব্য

কুয়েতের কর্তৃপক্ষ ও ইতালি হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, নিহত দুই ইতালীয় নাগরিক জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। তারা কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কুয়েতের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহত করে। পরে সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হামলায় তেহরানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট