Advertisement

ভারতের সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আদানি গ্রুপ

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতের সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আদানি গ্রুপ
ছবি: সংগৃহীত

আত্মনির্ভরশীলতা কর্মসূচির আওতায় ভারতের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যাগ নিয়েছে দেশটির প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। এর অংশ হিসেবে নিজেদের কারখানায় তৈরি ক্ষেপণাস্ত্র ভারতের সেনাবাহিনীকে সরবরাহ করবে বলে জানিয়েছে শিল্পগোষ্ঠীটি।

সম্প্রতি ভারতে বেসরকারিভাবে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ‘আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস’-এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছে আদানি গ্রুপ। দেশটির সমরাস্ত্র শিল্পের আত্মনির্ভশীল কর্মসূচির আওতায় এ উদ্যোগ হাতে নিয়েছে গ্রুপটি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নৌবাহিনীকে বেসরকারিভাবে ড্রোন সরবরাহের পর এবার সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আদানি গ্রুপ। দেশটির মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে শিল্পিগোষ্ঠীটি।

প্রতিবেদনে আরও বলা হয়, নৌবাহিনীকে দেওয়া ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ মডেলের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় আদানি গ্রুপের তৈরি যুদ্ধসরঞ্জামের প্রতি নির্ভরযোগ্যতা নিয়ে প্রতিরক্ষা মহলে নতুন করে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণে বিপুল বিনিয়োগের ঘোষণা করল আদানি।

আদানি কর্তৃপক্ষের বরাতে পত্রিকাটি জানিয়েছে, নবনির্মিত ক্ষেপণাস্ত্র কারখানায় প্রায় ৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আত্মনির্ভর ভারত কর্মসূচি’-তে প্রতিরক্ষা উৎপাদন সম্প্রসারণের এটি একটি মাইলফলক। এ কারখানায় মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হবে। সেখানে রকেট এবং ক্ষেপণাস্ত্রের জন্য উন্নত জ্বালানি তৈরির পাশাপাশি টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক উপাদান তৈরির পরিকাঠামো থাকবে বলেও জানানো হয়।

ক্ষেপণাস্ত্র কারখানাটির কর্ণধার জিৎ আদানি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে যুক্ত হবে ৫০টিরও বেশি ক্ষুদ্র ও ছোট শিল্পপ্রতিষ্ঠান। এটি ভারতের আমদানি নির্ভর সমরাস্ত্র খাতকে আত্মনির্ভ হওয়ার পাশাপাশি রপ্তানিমূখী হতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।