ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার সময় পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করেছে। এ ঘটনায় ইরানের ওপর চটেছে তুরস্ক। দিয়েছে কড়া প্রতিক্রিয়া। তারা বলছে, আঙ্কারা ‘যে কোনো শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রাখে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিবৃতি দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক বলেন, তুরস্ক তার নাগরিক ও আকাশসীমার নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে এবং একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল অবস্থান অনুসরণ করছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘যেখান থেকেই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড আসুক না কেন, তুরস্ক তার জবাব দেওয়ার অধিকার রাখে।’
তিনি জানান, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এরপর তৃতীয় দেশগুলোকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে আঙ্কারা ঘটনাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্ক আশা করছে সংঘাত দ্রুত শেষ হবে এবং শান্তিপূর্ণ উপায়ে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির পক্ষে তারা কাজ করতে প্রস্তুত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় আকারের হামলা চালানোর পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে অন্তত ৯২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।